নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২২ এপ্রিলের জঙ্গি হামলার মাস্টারমাইন্ড পাক সেনাপ্রধান আসিম মুনির। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ‘যদি প্রধানমন্ত্রীর হিম্মত থাকে তাহলে বলুন, ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে যে দাবি জানাচ্ছেন তার কোনও সারবত্তা নেই। ট্রাম্প মিথ্যাবাদী।’
‘অপারেশন সিঁদুর’ নিয়ে গতকাল সোমবার (২৮ জুলাই) থেকে লোকসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দ্বিতীয় দিনে বিতর্কে অংশ নিয়ে শুরু থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংস হামলার নিন্দা করে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রত্যেকেই ভারতীয় সেনা ও সরকারের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু পহেলগাঁও হামলার বদলা নিতে যা হল, তা হতাশজনক। যে আসিম মুনির পহেলগাঁও হামলার মূলচক্রী, তাকেই মধ্যাহ্নভোজের বিরতিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের পথে না যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। গতকাল সংসদে দাঁড়িয়ে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বললেন, ‘রাত ১টা ৫ মিনিটে অপারেশন সিঁদুর শুরু হয়। এই অভিযান ২২ মিনিট স্থায়ী হয়। রাত ১টা ৩৫ মিনিটে পাকিস্তানকে ফোন করে বলা হয়, আমরা অসামরিক ঘাঁটিতে হানা দিয়েছি। আমরা আর উত্তেজনা বৃদ্ধি চাই না। রাত ১টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমওকে যুদ্ধবিরতিতে যাওয়ার কথা বলা হয়। আপনারা পাকিস্তানকে নিজের রাজনৈতিক ইচ্ছার কথা বলেন যে, আপনারা যুদ্ধ করতে চান না।’ অর্থাৎ আধ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করলেন?’
মোদি সরকারকে কটাক্ষ করে রাহুল আরও বলেন, ‘রাজনাথ-জি সোমবার ১৯৭১ সালের পরিস্থিতির সঙ্গে সিঁদুর অভিযানের তুলনা করেছিলেন। কিন্তু একটা কথা বলছি, ১৯৭১ সালে রাজনৈতিক সদিচ্ছা ছিল। তাই সেনাবাহিনী পাকিস্তানকে দুরমুশ করেছিল। আপনাদের কোনও রাজনৈতিক সদিচ্ছা ছিল না।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার দাবি করে চলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তাঁরই হস্তক্ষেপে। যদিও দিল্লির তরফে ওই বক্তব্যকে উড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘‘একবার মোদিজি বলুন ট্রাম্প মিথ্যেবাদী।’