নিজস্ব প্রতিনিধিঃ আলিয়াকে বরবাদ করে গ্রেফতার হলেন তাঁরই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট বেদিকা শেট্টি। ৭৭ লক্ষ টাকা আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেট্টি। ৩২ বছর বয়সী তরুণী বেদিকার বিরুদ্ধে আলিয়া ভাটের প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৬.৯ লক্ষ টাকার অনিয়ম করার অভিযোগ রয়েছে। পুলিশের কথায়, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগস্ট মাসের মধ্যে তিনি এই জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরেই গত ২৩ জানুয়ারী আলিয়া ভাটের মা, অভিনেতা-পরিচালক সোনি রাজদান বেদিকা শেট্টির বিরুদ্ধে জুহু থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরপর, বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অপরাধমূলক ধারায় মামলা দায়ের করা হয় আলিয়ার প্রাক্তন সহকারীর বিরুদ্ধে। এবং পুলিশ মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বেদিকা শেট্টির খোঁজ শুরু করেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, বেদিকা শেট্টি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভাটের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এই সময়কালে, তিনি অভিনেত্রীর আর্থিক নথি এবং অর্থ প্রদান পরিচালনা করতেন। তাঁর টাইম শিডিউল পরিকল্পনা করতেন। তাঁর বিরুদ্ধে তদন্তে উঠে এসেছে যে, বেদিকা শেট্টি জাল বিল তৈরি করে সেগুলি আলিয়া ভাটকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতেন এবং অর্থ আত্মসাৎ করতেন। তিনি অভিনেত্রীকে বলেছিলেন যে, এই খরচগুলি তাঁর ভ্রমণ, সভা এবং অন্যান্য সম্পর্কিত ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে।
বেদিকা এই জাল বিলগুলিকে খাঁটি দেখানোর জন্য পেশাদার সরঞ্জাম ব্যবহার করেছিলেন। আলিয়া ভাট স্বাক্ষর করার পর, ওই টাকাগুলি বেদিকা তাঁর বন্ধুর অ্যাকাউন্টে স্থানান্তরিত করতেন। এরপর তাঁর বন্ধু সেই টাকা বেদিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠাতেন। সোনি রাজদান পুলিশে অভিযোগ দায়ের করার পর, বেদিকা শেট্টি পালিয়ে যান এবং বারবার তাঁর অবস্থান পরিবর্তন করেন। তাঁকে রাজস্থান, তারপর কর্ণাটক, তারপর পুনে এবং তারপর বেঙ্গালুরুতে ট্র্যাক করা হয়। অবশেষে, জুহু পুলিশ বেঙ্গালুরুতে তাঁকে ধরতে সক্ষম হয়েছেন এবং গ্রেফতার করেজেন। তারপর ট্রানজিট ডিমান্ডে তাঁকে মুম্বইতে আনা হয়েছে।