নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট দুনিয়ায় আচমকাই শোরগোল পড়ে গিয়েছে। ভারতের ‘এ’ দলের পেসার মুকেশ কুমার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ক্যান্টারবেরিতে প্রদর্শনী ম্যাচে ১৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। এই জার্সি নম্বরটি ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। যিনি সম্প্রতি ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। বিরাট কোহলির অবসরের পর অনেকেই দাবি করেছিলেন যে জার্সি নং ১৮ অন্য কোনও খেলোয়াড়ের ব্যবহার করা উচিত নয়। কিন্তু মুকেশ কুমার এই জার্সি পরায় শুরু হয় বিতর্ক। তবে BCCI এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করে দিয়েছে।
BCCI-এর বক্তব্য
ভারতীয় ক্রিকট বোর্ডের (BCCI) এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, ‘মুকেশ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৮ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু ভারতীয় এ দলের ক্ষেত্রে জার্সির নম্বর নিয়ে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। কারণ এই জার্সিতে খেলোয়াড়দের নাম থাকে না। যে কেউ যে কোনও নম্বর বেছে নিতে পারেন। শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচে জার্সি নম্বরগুলো বিশেষ গুরুত্ব পায়।’ এর মানে ভারত এ দলের হয়ে ১৮ নম্বর জার্সি পরা নিয়ে কোনও সমস্যা নেই। মুকেশ কুমার যদি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতের মূল দলে সুযোগ পান, তাহলে তিনি জার্সি নং ৪৯ পরবেন, যেটি তিনি ইতিমধ্যে তিনটি টেস্ট, ছয়টি ODI এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে পরেছেন। যদিও এই টেস্ট সিরিজে মুকেশ কুমারকে হয়তো দেখা যাবে না। কারণ আকাশ দীপকে আগে সুযোগ দেওয়া হবে।
এর আগেও বিতর্ক
এই প্রথম নয় যে কোনও খেলোয়াড় কিংবদন্তি ক্রিকেটারের জার্সি পরে বিতর্কে জড়িয়েছেন। আগে শার্দুল ঠাকুর মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের বিখ্যাত জার্সি নং ১০ পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI ম্যাচে মাঠে নেমেছিলেন। কার্যত তিনি সমালোচনার মুখে পড়েন। অন্যদিকে মহেন্দ্র সিংহ ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে কোনও ভারতীয় খেলোয়াড় জার্সি নং ৭ পরেননি।
মুকেশ কুমারের পারফরম্যান্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এ দিল্লি ক্যাপিটালস (DC)-এর হয়ে মাঝারি পারফরম্যান্সের পরও মুকেশ কুমার ভারতীয় ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনি ২৫ ওভার বল করেন, যার মধ্যে পাঁচটি মেডেন ছিল। ৯২ রান দিয়ে তিনটি উইকেট নেন। তার সবচেয়ে বড় উইকেট ছিল ম্যাক্স হোল্ডেন, যিনি ১০১ রান করেন। এছাড়া তিনি ইংল্যান্ড লায়ন্স অধিনায়ক জেমস রিউ এবং সিনিয়র দলের লেগ-স্পিনার রেহান আহমেদকেও আউট করেন।