নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে শুরুটা ভাল ছিলনা লখনউ সুপার জায়ান্টসের। বিশেষ করে অধিনায়ক ঋষভ পন্থের। ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত ৪টি ম্যাচের মধ্যে দু’টিতে হেরেছে LSG। আর তার জেরে সমালোচনার তীর এসেছে পন্থের দিকে। লখনউয়ের ফ্যান থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, কেউ বাদ নেই। এমন সময়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে অধিনায়কের সঙ্গে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মাঠের মধ্যেই উত্তপ্ত আলোচনা ধরা পড়েছে।
তবে সব সমালোচনার মাঝেও অধিনায়কের পাশে দাঁড়ালেন সঞ্জীব গোয়েঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন—“আমি আগেও বলেছি, আবারও বলছি—পন্থ একজন দুর্দান্ত ক্যাপ্টেন। তার সেরা অধিনায়কত্ব আমরা এখনও দেখিনি।” লখনউয়ের কর্ণধারের কথায়, ‘ওকে (পন্থ) রিটেইন না করার পর থেকেই আমরা গোটা দলটা ওকে ঘিরেই গঠন করি। আমরা ওকে ২৭ কোটিতে দলে নিয়েছি। যদি দরকার হতো ২৮ কোটিও খরচ করতাম।’ তিনি আরও জানান, ‘এই বছরের LSG আগের থেকে একেবারেই আলাদা। এবার দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে জেতার খিদে এবং একদম আলাদা ধাঁচের ইচ্ছাশক্তি কাজ করছে।’
তবে অধিনায়কের ফর্মে না থাকায় ব্যাটিংয়ের পুরো দায়টা পড়েছে নিকোলাস পুরানের কাঁধে। ওয়েস্ট ইন্ডিজের-এর এই তারকা তিন ম্যাচে ১৮৯ রান করে ইতিমধ্যেই রান তালিকায় শীর্ষে। প্রথম ম্যাচেই তার ৭৫ রানের ইনিংস, এরপর ৭০ ও ৪৪ রানের ধারাবাহিকতা তাকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে। বোলিং বিভাগে একমাত্র শার্দূল ঠাকুর ও নবাগত দিগ্বেশ সিং রাঠি ছাড়া এখনও পর্যন্ত কেউই খুব একটা নজর কাড়তে পারেননি।