নিজস্ব প্রতিনিধি : মাঠে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করায় শাস্তি পেলেন ঋষভ পন্থ। দুই ইনিংসে শতরান করলেও আইসিসি-র শাস্তি থেকে রক্ষা পাননি এই ভারতীয় ক্রিকেটার। দোষ স্বীকার করে নিলেও শুনানির মুখে পড়তে হয়নি তাঁকে।আম্পায়ারের দিকে বল ছুঁড়ে মারার অভিযোগে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন পন্থ। আগামীদিনে আরও ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসন হতে পারে তাঁর।
হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয়দিনে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। এরফলে বড়সড় শাস্তির মুখে পরতে পারেন বলে শোনা গিয়েছিল। সেই মতো শাস্তি পেয়েছেন। আইসিসি-র নিয়মের ২.৮ ধারা অনুযায়ী, লেভেল ১ অপরাধ করেছেন ঋষভ পন্থ। মাঠে আম্পায়ারের দিকে বল ছুঁড়ে দেওয়ার মত ঘটনা ঘটিয়েছেন। আগামী ২ ব ছরের মধ্যে যদি ফের কোনও নিয়মভঙ্গ করলে বড় শাস্তি পেতে পারেন ঋষভ।
উইকেট রক্ষকের বিরুদ্ধে লেভেল ১ অপরাধের অভিযোগ উঠেছে। এরজন্য তাঁকে নির্বাসিত করা হয়নি। কিন্তু ভবিষ্যতে কোনও অভিযোগ উঠলে তাঁর ঘাড়ে নেমে আসতে পারে নির্বাসনের খাঁড়া।
জানা গিয়েছে, ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর বল পরিবর্তনের অনুরোধ করেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। আম্পায়ার ক্রিস গাফানি সেই অনুরোধ শোনেননি। কিছুক্ষণ পরেই অপর আম্পায়ার পল রাইফেলের কাছে গিয়ে পন্থ বল বদলের অনুরোধ করেন। বল পরীক্ষা করে আম্পায়ার জানান, বল ঠিক আছে। পন্থ এই সিদ্ধান্ত মানতে না পেরে রেগে গিয়ে বল ছুড়ে ফেলেন তিনি। এই ঘটনায় আম্পায়ার রাইফেল অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। আম্পায়ারের সিদ্ধানের বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ অপরাধের সমান। তাই বলা হয়েছে আইসিসি-র নিয়মের ২.৮ ধারা অনুযায়ী, লেভেল ১ অপরাধ করেছেন ঋষভ পন্থ।