নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন অধ্যাপকের রহস্যজনক মৃত্যু। আবাসনের নিচ থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ । আর তা নিয়ে হাওড়ায় শিবপুর মন্দিরতলায় ছড়িয়েছে উত্তেজনা । জানা গিয়েছে, নিহত ব্যক্তি হলেন ৯২ বছরের বৈদ্যনাথ পাল। সোমবার সন্ধ্যায় নিজের আবাসনের নীচ থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ । কী করে প্রাণ হারালেন বৈদ্যনাথবাবু তা এখন স্পষ্ট নয় । শুরু হয়েছে তদন্ত ।
সূত্রের খবর, সোমবার বিকেলে ঘরে বসে টিভি দেখছিলেন ওই বৃদ্ধ । এরপর আচমকাই তিনি ছাদে যান। কিছু সময় পরেই আবাসনের বাসিন্দারা বৈদ্যনাথবাবু দেহ নিচে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্ত্রী ছবি পালকে । তারপর রক্তাক্ত ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যান শিবপুর থানার পুলিশ।
দীর্ঘদিন ধরেই তিনি বাধর্ক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। সন্ধ্যায় টিভি দেখার পর আচমকাই ছাদে যান বৈদ্যনাথবাবু। এরপরেই আবাসনের নিচ থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ । খুন নাকি আত্মহত্যা তা এখন স্পষ্ট নয় । আবাসনের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে । সেইসসঙ্গে আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এই ঘটনা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।