নিজস্ব প্রতিনিধিঃ হাইড্রেনের মধ্যে পড়ে বৃদ্ধার দেহ। মঙ্গলবার সাতসকালে তা দেখেই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম এর কাছে শৈলেন মান্না সরণিতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে তারা নর্দমার মধ্যে ভেসে থাকতে দেখেন একটি দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চ্যাটার্জিহাট থানাকে। পুলিশ এসেই দেহটি উদ্ধার করে।
হাইড্রেনের পাশ থেকে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত বৃদ্ধার মেয়ে সুজাতা মাইতি । তিনি জানান, ‘প্রতিদিনের মত ২ জানুয়ারি আমি সকালে কাজে বেরিয়ে যাই। সেইসময় মা ঘরে ঘুমাচ্ছিলেন। বাড়িতে ফেরার পর থেকেই মায়ের খোঁজ পাইনি । অনেক খোঁজাখুঁজির পর চ্যাটার্জিহাট থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে আসি। এদিন সকালে খবর পাই হাইড্রেন থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে । খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। মুখটা দেখতে পাইনি কিন্তু সোয়েটার, চাদর দেখে সবাই বলল তোর মা। কীভাবে মায়ের মৃত্যু হল তা আমি জানি না । ‘
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম গঙ্গা দাস। বয়েস সত্তর বছর। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এখন অস্পষ্ট বৃদ্ধার মৃত্যুর কারণ । তাই গঙ্গাদেবীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই তদন্তের জন্য অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দা এবং বৃদ্ধার মেয়েকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।