নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে বন্ধ করতে হবে পানের পিক ও থুতু ফেলা । আর এই নিয়ে বিধানসভাতেও আসতে চলেছে বিল । এই আবহে এবার মা ফ্লাইওভারে দেখা গেল পানের পিক ও থুতু ফেলা বন্ধের পোস্টার । বাংলা এবং ইংরেজিতে দেওয়া হয়েছে এই নোটিশ। সম্প্রতি পান এবং গুটকা খেয়ে যত্রতত্র পিক ফেলা নিয়ে বেশ অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শহরজুড়ে ‘যত্রতত্র পানের পিক-থুতু ফেলা নিষিদ্ধ’ এমনই পোস্টার দিল কলকাতা পুরসভা ।
এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন,’ এই শহর প্রত্যেকের। তাই শহরকে নোংরা করা যাবে না । সেইজন্য বাংলা এবং হিন্দি ও ইংরেজি ভাষায় ব্যানার-হোর্ডিং দেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় সচেতনতামূলক প্রচার চলবে।’
উল্লেখ্য, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে মা ফ্লাইওভারে করা হয়েছিল নীল- সাদা রঙ । কিন্তু সেই নতুন রঙের উপর অনেকে পানের পিক ফেলে নোংরা করেছেন । আর তা নজর পড়তেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজে এই অসচেতন প্রবণতা রোধে কড়া আইন নিয়ে আসার কথা জানান। বলা বাহুল্য, পান এবং গুটকা খেয়ে যত্রতত্র পিল ফেলায় নোংরা হচ্ছে শহরের রাস্তাঘাট । তাই কেউ যদি থুতু ফেলে রাস্তায় তাহলে এবার থেকে দিতে হবে কঠোর জরিমানা। এই মর্মেই বিধানসভা অধিবেশনে আসতে চলেছে বিল ।