নিজস্ব প্রতিনিধিঃ মা উড়ালপুর বন্ধ থাকা নিয়ে বৃহস্পতিবারই পুলিশকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মা উড়ালপুর নিয়মে হল বড়সড় বদল। এবার থেকে দিন-রাত ২৪ ঘণ্টা মা উড়ালপুলের উপর দিয়ে যেতে পারবে বাইক। কিন্তু রয়েছে বেশ কিছু শর্ত ।
নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে , নিদিষ্ট গতিতে মা উড়ালপুর দিয়ে চালাতে হবে বাইক। কেউ যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তাদেরকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।‘ এরপরেই বদল হল নিয়মের।
এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে , সল্টলেক সেক্টর ফাইভে বহু হাসপাতাল রয়েছে। সেখানে অনেককে মেডিকেল ইমারজেন্সিতেও যেতে হয়। তাই আমজনতার সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা বাহুল্য, মা উড়ালপুরে প্রায়শই ঘটে বিভিন্ন দুর্ঘটনা। প্রাণ হারান বেশ কয়েকজন। সেইজন্য প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাত দশটা থেকে পরের দিন সকাল ছ’টা পর্যন্ত এই উড়ালপুলের উপর দিয়ে বাইক চালানো যাবে না। তবে এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। সারাদিনই বাইক চলবে উড়ালপুলে।