নিজস্ব প্রতিনিধি : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। ফ্লাইওভার থেকে নিচে পড়ে মৃত্যু ২ বাইক আরোহীর।দুজনেই বউবাজার এলাকার বাসিন্দা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে বাইকটি। যার জেরেই প্রাণ যায় ওই দুই যুবকের।
মৃত দুই যুবকের নাম দানিস আলম এবং অনিশ রানা। দানিসের বয়স ১৮ বছর। অনিশের বয়স ১৯ বছর। এদিন সকালে দাদার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন দানিস। সঙ্গে ছিলেন অনিশ। বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথা ফাঁকাই ছিল। ফলে উঁচু থেকে পড়া মাত্রই মৃত্যু হয় দুজনের। বাইকটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে কর্তব্যরত তিলজলা ও প্রগতি ময়দান থানার পুলিশ কর্মীরা ছুটে আসেন। দুর্ঘটনাগ্রস্ত দুজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসছিল বাইকটি। পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলে একটি বাঁক বা কার্ভ রয়েছে। সেখানেই গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গে বাইক সমেত দুজনেই নিচে পড়ে যান।
পুলিশের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতিতে চলছিল বাইকটি। বাঁকে নিয়ন্ত্রণ সামলাতে না পেরেই গার্ডওয়ালে ধাক্কা মারে। আর তাতেই এই দুর্ঘটনাটি ঘটে।