নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আচমকাই সবাইকে হতচকিত করে দিয়ে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছিলেন ভারতের অন্যতম সফল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অবসরের সিদ্ধান্তে ধাক্কা খেয়েছিল ভারতীয় শিবির। তবে শেষ পর্যন্ত মেলবোর্ন টেস্টের আগেই সেই ধাক্কা সামলে উঠে অশ্বিনের বিকল্প খুঁজে খেলেন ভারতীয় নির্বাচকরা। বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের উদীয়মান অলরাউন্ডার তনুশ কোটিয়ান। ইতিমধ্যেই মেলবোর্নে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ অলরাউন্ডার। বাকি দুই টেস্ট ম্যাচের জন্য তনুশকে দলে নেওয়া হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চাইছে রোহিত শর্মা ও প্যাট কামিন্সের নেতৃত্বাধীন বাহিনী। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় অজিরা। ব্রিসবেনে তৃতীয় টেস্ট অবশ্য ড্র হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে দুই দলই মেলবোর্ন টেস্ট জিততে মরিয়া হয়ে ঝাঁপাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কে এই তনুশ কোটিয়ান?
রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প হিসাবে ভারতীয় দলে জায়গা পাওয়া ২৬ বছর বয়সী তনুশ ২০১৮-১৯ সালে রঞ্জি ট্রফির মাধ্যমেই ঘরোয়া ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ৩৩টি ম্যাচে গড়ে ২৫.৭০ রান খরচ করে ১০১টি উইকেট ঝুলিতে পুরেছেন ডান হাতি অফ স্পিনার। তিনটি ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট হাসিল করেছেন। ২টি শতরান ও ১৩টি অর্ধ শতরানের মাধ্যমে ১,৫২৫ রান করেছেন।