নিজস্ব প্রতিনিধিঃ ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর। ফের চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি,গদখালি, চুনাখালির বাস পরিষেবা। আর তাতে এবার থেকে সুন্দরবন যেতে বেশ সুবিধা হবে পর্যটকদের । বলা বাহুল্য, এই পরিষেবা চালু হওয়ার আগে বেশ অসুবিধার মুখে পড়তে হত যাত্রীদের । শুধু তাই নয় বারুইপুর থেকে সুন্দরবন যেতে খরচ পড়ত প্রায় ৫০ টাকা। তাতে বেশ অসুবিধার মুখে পড়তে হত মধ্যবিত্তদের ।
তাই বারুইপুর থেকে ঝড়খালি,গদখালি, চুনাখালির বাস পরিষেবা যাতে আবার শুরু হয় সেইজন্য বাস মালিকেরা বিশেষ উদ্যোগ নিয়েছিল। আর তাতেই ফের চালু হল বাস পরিষেবা। এই প্রসঙ্গে বাস সংগঠনের তরফে জানান হয়েছে, ৩টি রুটে চলবে ৪৬টি বাস। রবিবার এই বাসরুটগুলি উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে বারুইপুর পশ্চিমের বিধায়ক জানিয়েছেন, ‘ যাত্রী কম থাকায় কিছু বছর ধরে এই রুটের বাস পরিষেবা বন্ধ ছিল । তবে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ বলা বাহুল্য, বারুইপুর থেকে ফের চালু হওয়া এই বাসের ভাড়া কত হবে তা এখন জানা যায়নি । এই পুরো বিষয়টি নিয়ে বাস মালিক সংগঠনগুলির তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ ।