নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে বাঘ এবং মানুষের মধ্যে প্রতিনিয়ত চলছে খণ্ডযুদ্ধ। এই আবহে ফের সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর। রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণের মৃত্যু হয় তাঁর । বৃহস্পতিবার বিকেলে পীরখালি জঙ্গলের খাঁড়িতে ঘটে এই ঘটনা । মৃত ব্যক্তির নাম অজয় সর্দার(৫১), বাড়ি কাঁটামারি গ্রামে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অজয়সহ তিন মৎস্যজীবী কাঁকড়া ধরা শেষ করে পীরখালি জঙ্গলের খাঁড়ি থেকে নৌকো নিয়ে ফিরছিলেন । আর সেইসময় ঘটে বাঘের হামলার ঘটনা । হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে বাঘ বেরিয়ে এসে অজয়ের ঘাড়ে কামড়ে ধরে । এরপর তাঁর দুইসঙ্গী বাঘের দিকে তেড়ে গেলে সে ভয়ে ফের জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আহত অজয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁর সঙ্গীরা । শুক্রবার প্রাণ হারান তিনি । স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া । এই প্রসঙ্গে অজয়বাবুর স্ত্রী সরস্বতী সর্দার জানিয়েছেন, ‘নৌকা নিয়ে কাঁকড়া ধরতে যাওয়ার সময় সন্তানদের নিয়ে সাবধানে থাকার জন্য বলে গিয়েছিল । পরে শুনতে পাই ওঁর শরীর খারাপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালেই জানতে পারি মৃত্যু হয়েছে স্বামীর ।‘
উল্লেখ্য, জীবন-জীবিকার তাগিদে কাঁকড়া ধরতে যান সুন্দরবন এলাকার বহু বাসিন্দা। আর তাতেই বিপদ ঘনিয়ে এল বিপদ। বলা বাহুল্য, গত ১৫ ডিসেম্বর হেড়োভাঙার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েছিলেন শ্রীপদ মিস্ত্রি। সঙ্গীদের সামনে থেকে গভীর জঙ্গলে টেনে তাঁকে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর থেকেই খোঁজ মেলেনি শ্রীপদের। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই বাঘের হামলার ঘটনা। আর তাতেই কার্যত আতঙ্কে রাত কাটাচ্ছেন সুন্দরবনের বাসিন্দারা ।