নিজস্ব প্রতিনিধিঃ কয়েকমাস ধরেই সমস্ত রুটে বাস কম থাকায় ভোগান্তির মুখে পড়ছিলেন নিত্যযাত্রীরা। এর দরুন গন্তব্যস্থলে যেতে অনেকটাই সমস্যার মুখে পড়তে হচ্ছিল সকলকে। এই নিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে অবশেষে মিলল মুক্তি। সব রুটে বাড়ল সরকারি বাসের পরিষেবা।
জানা গিয়েছে, সোমবার থেকেই ধাপে ধাপে সরকারি বাস বাড়ছে রাস্তায়। ৫৫০ বাস দিয়ে সরকারি বাসের ৩৩০০ ট্রিপ চলছিল কলকাতা শহর ও শহরতলিতে। বাস বাড়িয়ে, ট্রিপ বাড়িয়ে তা হবে ৪১৯৮’টি। সোমবার থেকে নিউটাউন এলাকায় বাসের ট্রিপ বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। যা আগে ছিল ১০৮। বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইড অঞ্চলে। এখানেই স্পেশাল ট্রিপ থাকতে চলেছে ২৪ টি।
রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, হাতিশালা-হাওড়া রুটে EB 13-৩ চলবে ৫টি। সাপুরজি-হাওড়া রুটে AC 128 বাস থাকবে ১২, উল্টোডাঙ্গা-ইকোস্পেস রুটে AC 30S1 বাস থেকে বেড়ে থাকবে ৩টে, নিউটাউন-হাওড়া রুটে 12-১৫ বাস থেকে বেড়ে ১৮ হবে, হাইল্যান্ড উইলোজ-হাওড়া রুটে S12E-৬ বাস থেকে বেড়ে ৮ হবে। উল্টোডাঙ্গা-ইকোস্পেস রুটে S30-১২ থেকে বেড়ে বাস হবে ১৫, দমদম স্টেশন-করুণাময়ী রুটে AC 38-৬ থেকে বেড়ে ৮ টি বাস চলবে। পরিকল্পনা ধাপে ধাপে আগামী কয়েক দিনে ৫১ বাস বৃদ্ধি করে ৬৯ করা হচ্ছে তথ্যপ্রযুক্তি তালুকের জন্য।এর পাশাপাশি অন্যত্রও বাসের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, দুটো শিফটে বাস নামানো হয়৷ সেই বাস চালানোর জন্য যে সংখ্যক বাস চালক প্রয়োজন তা সংখ্যায় অত্যন্ত কম ৷ তাই চালক পেতে রাজ্য পরিবহণ দফতর আবেদন জানিয়েছে নবান্নকে৷