নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের পুজোয় বক্সঅফিসে রাজ করেছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি ‘বহুরূপী’(Bohurupi)। ছবির সাফল্যের মাধ্যমে পরিচালকের পাশাপাশি অভিনেতা হিসেবেও নতুন করে প্রতিষ্ঠা পেয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shibaprasad Mukherjee)। এতদিন পর্যন্ত ‘লাল্টু বিশ্বাস’ হিসেবেই দর্শকরা তাঁকে মনে রেখেছিলেন কিন্তু পুজোর ছবি বহুরূপীর মাধ্যমে নয়া নজির সৃষ্টি করেছেন পরিচালক। এক ধাক্কায় ওজন কমিয়ে বয়সে অনেকখানি ছোট কৌশানীর(Koushani Mukherjee) সঙ্গে চুটিয়ে রোম্যান্স করতে দেখা গিয়েছে টলিপাড়ার শিবুকে। রাজ্যের পাশাপাশি গোটা দেশ জুড়েও বেশ ভালো সাড়া পেয়েছে এই ছবি। কিন্তু সম্প্রতি এই ছবি ঘিরে একটি অন্য ইস্যুতে অভিমানী সুর শোনা গেল পরিচালকের গলায়।
আরও পড়ুনঃ ২০২৫ সালে দুর্গাপুজোয় টানা ১৩ দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারিদের
ঠিক করা হয়েছিল, চলতি বছরের শীতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে মুক্তি পাবে বহুরূপী ছবিটি। কিন্তু সেই আয়োজনে বাধা পড়েছে। ছবির অন্যতম প্রযোজক-পরিচালক এবং অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, কোনও এক অজ্ঞাত কারণে ছবিটি আপাতত ওপার বাংলায় মুক্তি পাচ্ছে না। শুধু ‘বহুরূপী’ নয়, এর পাশাপাশি দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবিটিও নাকি বাংলাদেশে মুক্তি পাবে না বলে জানতে পেরেছেন পরিচালক।
আরও পড়ুনঃ ১৪ বছর বাদে ফের খেলতে ভারতে আসছেন মেসি, কোন মাঠে নামবেন ফুটবলের রাজপুত্তুর?
এর আগে বাংলাদেশের ছবি ‘হাওয়া’ রমরমিয়ে ব্যবসা করেছে কলকাতায়। সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ ছবিটিও এই দেশে মুক্তি পেয়েছে। তাহলে ভারতের দুটি বানিজ্যিক ঘরানার ছবি কেন বাংলাদেশে মুক্তি দেওয়া হবে না সেই প্রশ্নের উত্তর জানা নেই কারোর। পরিচালক শিবপ্রসাদের কথায়, ‘আগামী মাসে বাংলাদেশে আমাদের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী চলতি সপ্তাহ থেকে ওপার বাংলায় ছবির প্রচার শুরু হওয়ার কথা। কিন্তু সব কিছুই থমকে গেল।’ আদৌ সে দেশে ছবিটি মুক্তি পাবে কিনা তা ঘিরে তৈরি হয়েছে সংশয়। ভারতীয় ছবিগুলিকে নিজেদের বাজার ছাড়তে নারাজ বাংলাদেশ? সেই কারণেই কি এত তোড়জোড়? এই প্রশ্নের উত্তর জানা নেই খোদ ছবির পরিচালকেরও।