নিজস্ব প্রতিনিধিঃ আন্তরাজ্য শিশু পাচারকারী চক্রের পর্দাফাঁস করে দিল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শালিমার রেল ষ্টেশন জুড়ে তল্লাশি অভিযান চালায় সিআইডি আধিকারিকরা। আর তখনই শিশু পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল তদন্তকারীরা। অভিযোগ উঠেছে , অভিযুক্তরা গয়া থেকে দু’দিন বয়সের শিশুকন্যাকে চুরি করে এই রাজ্যে পাচার করত। ধৃতরা হলেন- মানিক হালদার (৩৮) এবং মুকুল সরকার (৩২) । এনারা দুজনেই কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা।
জানা গিয়েছে, দুই যুবক দীর্ঘদিন ধরে এই পাচারকাণ্ড চালাত। তাই তাদেরকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের ধরতে দুই আধিকারিক নিঃসন্তান দম্পতি সেজে দম্পতি সেজে তাদের সঙ্গে যোগাযোগ রাখত। আর তখনই অভিযুক্তরা চার লক্ষ টাকায় শিশু ‘ক্রয়’-এর প্রস্তাব দেয়। তাতেই সিআইডির জালে পড়ে মানিক এবং মুকুল। রবিবার শালিমার ষ্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা।
সিআইডি সূত্রে খবর, এই শিশু পাচারের সঙ্গে এরাই শুধু যুক্ত নয়। অনেক বড় মাথা আছে পিছনে। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। বলা বাহুল্য, এই ঘটনা থেকে একথা স্পষ্ট যে আন্তঃরাজ্য শিশু পাচার চক্র রাজ্য জুড়ে বেশ সক্রিয়।