নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় শিশুপাচার চক্র ! এবার বেআইনি ভাবে শিশু কেনায় নাগেরবাজার থেকে গ্রেপ্তার হলো এক নিঃসন্তান দম্পতি। অভিযোগ উঠেছে, তাঁরা পাচারকারীদের কাছ থেকে দু’মাসের শিশুকন্যা কিনেছে। আর তাই ওই দম্পতিকে গ্রেফতার করল পুলিশ । সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে শিশুকন্যাটিকে। আপাতত জেল হেফাজতে পাঠান হয়েছে অভিযুক্ত দম্পতিকে ।
এই ঘটনায় ধৃতরা হলেন বিজয় সান্থালিয়া (৩৮) এবং নেহা সান্থালিয়া (৩৭)। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি নাগেরবাজার থানা এলাকার যশোর রোডের ধারে এক আবাসনের বাসিন্দা। বিজয় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁদের সাত বছরের এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু ওই দম্পতিদের ইচ্ছে ছিল কন্যা সন্তানের। সেইজন্যই তারা সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শিশু পাচারকারী মানিক হালদারের কাছ থেকে মোটা টাকা দিয়ে কিনেছিলেন শিশুটিকে। ইতিমধ্যেই ওই দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে ।
উল্লেখ্য , গত ১০ নভেম্বর শালিমার রেল ষ্টেশন থেকে শিশু পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছিল সিআইডি আধিকারিকরা । ধৃতরা ছিলেন- মানিক হালদার (৩৮) এবং মুকুল সরকার (৩২) । এনারা দুজনেই কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা। এই ঘটনার ২ মাসের মধ্যে ফের কলকাতায় ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি ।