নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ হয়ে পড়লেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁকে ভর্তি করা হয়েছে প্রেসিডেন্সি জেল হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার শিয়ালদহ আদালত থেকে বের হওয়ার সময় আচমকাই হোঁচট খেয়ে পড়ে যান টালা থানার ওসি। এক পুলিশকর্মী তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এরপরেই অভিজিৎ বাবু অসুস্থ বোধ করায় দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি হাসপাতালে রয়েছেন বলে খবর।
বুধবার শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য ও প্রমাণ লোপাট, সরকারি কর্তব্যে গাফিলতি ও ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে আদালতে হাজির করা হয়। টালা থানার ওসির আইনজীবী বুধবার আদালতে তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন জানান। তবে সেই আর্জি খারিজ করে দেয় শিয়ালদহ আদালত।
উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই সিবিআই হেফাজতে রয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কারণ, ৯ অগস্ট যখন তরুণী চিকিত্সককের মৃত্যু হয় সেইসময় তিনি ছিলেন টালা থানার ওসি। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, এফআইআর দেরিতে রুজু করা-সহ একাধিক অভিযোগ উঠেছে।