নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময়ের অভাব! প্রথমে অমিত শাহ আর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের আর্জি চেয়েও নিরাশ হতে হল আরজি কর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসকের বাবা- মাকে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিল্লিতে এসেই তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ইমেল পাঠিয়ে আর্জি জানিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ‘ব্যস্ত রয়েছেন দ্রৌপদী মুর্মু। সেইজন্য সাক্ষাৎ করতে পারবেন না ।’
বলা বাহুল্য, এই প্রথম নয় । এর আগে মেয়ের মৃত্যুর পরবর্তীতে নিজেদের অসহায় পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভয়ার বাবা-মা। শাহকে মেল করেছিলেন দেখা করার জন্য। পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় যান। মনে করা হচ্ছিল, ওইদিনই অভয়ার বাবা-মায়ের সঙ্গে তিনি দেখা করবেন। কিন্তু তা আর শেষ পর্যন্ত হয়নি। দেখা না করেই দিল্লি ফিরে এসেছিলেন অমিত শাহ ।
এই আবহে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য চিঠি পাঠিয়েছিলেন অভয়ার বাবা- মা । কিন্তু শেষ পর্যন্ত সময়ের অভাবে দ্রৌপদী মুর্মু তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না । স্বাভাবিকভাবেই কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। তবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে না পারলেও তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অধিকর্তার সঙ্গে দেখা করেছেন। ওই সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘অভয়া’র বাবা জানান, ‘সিবিআইয়ের ডিরেক্টর ধৈর্য ধরতে বলেছেন। তদন্ত সঠিক পথেই এগোবে এবং ন্যায়বিচার মিলবে বলে আশ্বাস দিয়েছেন।’