নিজস্ব প্রতিনিধি: আবারও আরজি কর কাণ্ড(RG Kar Incident) নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের জবাবে তিনি বলেন, আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। সেই প্রমাণও রয়েছে। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘সহজসরল মনে বিশ্বাস করি, কিন্তু অন্তত এক শতাংশ মানুষ অপব্যবহার করেই। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুনঃ ১১১ নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিস্ফোরক অভিযোগ মিশরীয় ধনকুবের ফায়েদের বিরুদ্ধে
এদিন বৃহস্পতিবার ছিল বিধানসভায় শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন। আরজি করের প্রসঙ্গ উঠতেই জানা যায়, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সময় স্বাস্থ্যসাথী খাতে সরকারের খরচ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিভাবে ওই টাকা খরচ করা হয়েছে তার স্পষ্ট হিসেব মেলেনি। এমনকি টাকা নয়-ছয় করার প্রমাণও মিলেছে ইতিমধ্যেই। আরও এক বার সবটা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যসাথীতে খরচ বৃদ্ধির জেরেই টাকার অপব্যবহার নিয়ে অভিযোগের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
আরও পড়ুনঃ সরকারি টাকা আত্মসাতের শাস্তি মিলল হাতেনাতে, বাড়িতে টানা তল্লাশির পরই গ্রেফতার আধিকারিক
তবে এদিনের অধিবেশনে শুধু স্বাস্থ্য সাথীর অর্থ তছরুপ কিংবা আরজি ইস্যু নিয়েই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। আজকের আলোচনায় ট্যাব-কাণ্ড নিয়েও মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের ‘জামতাড়া গ্যাং’ বিপুল পরিমাণ টাকা তছরুপ করেছে বলে আবারও উল্লেখ করেন তিনি। দ্রুততার সঙ্গে তদন্ত চালানোর জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্যাব কাণ্ডের তদন্ত এগিয়েছে অনেক দূর। এই জালিয়াতির সঙ্গে যুক্ত মাথাদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।