নিজস্ব প্রতিনিধিঃ আরও চাপে পড়লেন আরজি কর (RG Kar News) মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করল কলকাতা পুলিশ। এদিন টালা থানায় তাঁর বিরুদ্ধে একজন আইএএস অফিসার অভিযোগ দায়ের করেন । সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টের ৭ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
অভিযোগ উঠেছে নির্যাতিতা সম্পর্কে বলতে গিয়ে ওইদিন তাঁর নাম, ঠিকানার মতো তথ্য ফাঁস করেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর তাই এদিন এই অভিযোগের ভিত্তিতে মামলা করল কলকাতা পুলিশ। বলা বাহুল্য, আরজি করের প্রাক্তন অভিযোগের বিরুদ্ধে দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতেই তদন্তে এবার সিট গঠন করল কলকাতা পুলিশ।
অন্যদিকে মহিলা ডাক্তারি চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় পরপর ৪ দিন আরজি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে তলব করেছে সিবিআই। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, তাঁর বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল রয়েছে। একাধিকবার নিজের বয়ানের বদল করেছে সন্দীপ। একথায় পর পর চারদিন জেরার পরেও সন্দীপ ঘোষের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই। প্রশ্ন উঠছে, তাহলে কী আসল ঘটনা লুকানোর চেষ্টা করছেন প্রাক্তন অধ্যক্ষ। আর এই পরিস্থিতিতে এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ।