নিজস্ব প্রতিনিধিঃ মেয়েদের ‘ রাত দখলে’ কর্মসূচীর পাশে দাঁড়াল কলকাতা মেট্রো। বুধবার রাতে মিলবে বাড়তি মেট্রো, এমনটাই জানাল কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তবে মেট্রোর পরিষেবা বাড়লেও বদল হবে না সময়সূচীর। এদিন এক ভিডিও বার্তায় মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানান,’ গত দু’তিন দিন ধরে আমাদের কাছে বিভিন্ন সংস্থার তরফে অনুরোধ করা হচ্ছে যেন ১৪ তারিখ রাতে যেন মেট্রো পরিষেবা চালু থাকে। আমরা তাদের অনুরোধ গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছি বুধবারের জন্য আমাদের পরিষেবায় কিছু পরিবর্তন আনা হবে।‘
কৌশিক জানান, ‘রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়া হবে। তবে তার আগে দু’টি বাড়তি মেট্রো চালানো হচ্ছে। রাত ১০টায় এবং ১০টা ২০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দুই বিশেষ মেট্রো চলবে। এদিন রাত পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। বাড়ান হয়েছে মেট্রো পরিষেবা।‘
উল্লেখ্য, আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় নামছে মেয়েরা। এদিন রাত সাড়ে ১১টা থেকে কলকাতার বিভিন্ন জায়গায় মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ‘মেয়েরা রাত দখল কর’ কর্মসূচিতে যোগ দিতে বহু মানুষ রাস্তায় নামবেন। সেই ভিড় সামাল দিতেই এদিন রাতে চলবে অতিরিক্ত মেট্রো।