নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। আর তখনই কন্যাশ্রী দিবসে বিশেষ পুরস্কার পেলেন ওই কলেজের দুই ডাক্তারি পড়ুয়া। বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে পালিত হল কন্যাশ্রী দিবস। প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হল- কন্যাশ্রী প্রকল্প কী ভাবে হাজার হাজার গরীব পরিবারের মেয়ের চিকিৎসক হওয়ার স্বপন সফল করেছে।
এদিনের কন্যাশ্রী দিবসের দিন পুরস্কৃত হলেন আরজি করের দুই পড়ুয়া। একজন হলেন- আরজি করের MBBS-এর তৃতীয় বর্ষের পড়ুয়া তৃষা চন্দ্র। অন্যজন আরজি করের MBBS পড়ুয়া মধুরিমা মৈত্র। বলা বাহুল্য, রাজ্যের বাল্যবিবাহ রুখতে এবং মেয়েদের পড়াশোনার অগ্রগতির লক্ষ্যে স্কুলের ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য। এই প্রকল্পে স্কুলস্তরে একজন ছাত্রীকে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। যাতে তারা তাদের পড়াশোনা চালিয়ে স্বপ্ন পূরণ করতে পারে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ২০১৩ সালের ৮ মার্চ চালু করেন কন্যাশ্রী প্রকল্প। সেই বছরের ১৪ অগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয় কন্যাশ্রী দিবস উদযাপনের পালা। পুরো ১০ বছর কাটিয়ে এদিন ১১ বছরে পা দিল কন্যাশ্রী। রাজ্যে এখন পর্যন্ত এই প্রকল্পে সুবিধাপ্রাপকের সংখ্যা ৮৭ লক্ষেরও বেশি।