নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে প্রাণহারাদের স্মরণে মঙ্গলবার দেশ জুড়ে শোকপালন করা হবে। মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থানে নিহতদের উদ্দেশে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হয়েছিল রাজধানী ঢাকা-সহ গোটা দেশ। টানা চার দিন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-র্যাবের সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে দাঁড়িয়েছিল। বেসরকারি মতে, দেশজুড়ে আন্দোলন ঘিরে ঘটে চলা হিংসায় (পুলিশের গুলিও রয়েছে) দুই শতাধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও সরকারি হিসাব অনুযায়ী, ১৫০ জন মারা গিয়েছেন। পরিস্থিতি সামলাতে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়। পাশাপাশি নামানো হয় সেনা। যার ফলে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা ও পুলিশের উগ্র মনোভাব নিয়ে রিপোর্ট পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও রিপোর্ট পেশ করেন। ওই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর পরেই কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব (ক্যাবিনেট) মাহবুব হোসেন জানান, ‘মঙ্গলবার দেশ জুড়ে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দেশজুড়ে শোক পালন করা হবে। কালো ব্যাজ পরিধান করে শোক পালন করা হবে।’ তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে না।