নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর । শনিবার কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ফের চলে সংঘর্ষ। আর তাতে শহিদ হলেন এক জওয়ান। তবে এখনও পর্যন্ত নিহত জওয়ানের পরিচয় জানা যায়নি।
শনিবার মোদেরগাম গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সিআরপিএফ, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে নামে। আর সেইসময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর চলে গুলির লড়াই। তাতে গুলি বিদ্ধ হয়ে গুরুত্বর জখম হন এক জওয়ান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কুলগাম জেলার মোদেরগাম গ্রামে এনকাউন্টার শুরু হয়েছে। তাই পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর পুলিশ ও নিরাপত্তা বাহিনী । বর্তমানে গোটা এলাকা নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।‘
উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরে ছড়িয়েছে জঙ্গি হামলার ঘটনা। জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাওয়া তীর্থ যাত্রীবোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। আর তাতেই প্রাণ হারায় ১০ জন পুণ্যার্থী। শুধু তাই নয় বিগত কয়েকদিন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলা জুড়ে বেশ কয়েকটি এনকাউন্টারের খবর পাওয়া গেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ।