নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁও হামলার পর এই প্রথম কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ জুন শুক্রবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং কাটরার মধ্যে দুটি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর জম্মু ও কাশ্মীর সফরে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ আকৃতির ব্রিজ চেনাব সেতুরও উদ্বোধন করবেন।
এই ট্রেনগুলি চলাচল ৭ জুন থেকে শুরু হবে। দুটি বন্দে ভারত কাটরার বৈষ্ণোদেবী মন্দির এবং কাশ্মীর উপত্যকার মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। নর্দার্ন রেলওয়ের মতে, এক জোড়া বন্দে ভারত কাটরা এবং শ্রীনগরের মধ্যে দিনে চারটি ট্রিপ করবে। উদ্বোধনের পর থেকে সম্ভাব্য যাত্রীদের টিকিট বুক করার জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) প্ল্যাটফর্ম এই ট্রেনগুলিকে দেখাতে শুরু করবে। এমনটাই জানিয়েছেন রেলের একজন আধিকারিক।
এই ট্রেনগুলিতে দুটি শ্রেণি থাকবে, চেয়ার কার (CC) এবং এক্সিকিউটিভ ক্লাস (EC)। চেয়ার কারের টিকিটের দাম ৭১৫ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের টিকিটের দাম ১,৩২০ টাকা।
ট্রেনের রুট এবং সময়:
ট্রেন নং ২৬৪০৩: কাটরা থেকে দুপুর ২:৫৫ মিনিটে ছেড়ে শ্রীনগরে বিকেল ৫:৫৩ মিনিটে পৌঁছাবে। এটি বানিহালে বিকেল ৪:৪০ মিনিটে ঢুকে ২ মিনিট দাঁড়াবে। বুধবার এই ট্রেন পরিষেবা উপলব্ধ থাকবে না।
ট্রেন নং ২৬৪০৪: শ্রীনগর থেকে সকাল ৮ টায় ছেড়ে কাটরায় সকাল ১০:৫৮ মিনিটে পৌঁছাবে। বানিহালে সকাল ৯:০২ মিনিটে ঢুকবে, ২ মিনিট দাঁড়াবে। বুধবার এই ট্রেন পরিষেবা উপলব্ধ থাকবে না।
ট্রেন নং ২৬৪০১: এই ট্রেনটি কাটরা থেকে সকাল ৮:১০ মিনিটে ছেড়ে শ্রীনগরে সকাল ১১:০৮ মিনিটে পৌঁছাবে। বানিহালে সকাল ৯:৫৬ মিনিটে ঢুকবে, ২ মিনিট থামবে। মঙ্গলবার এই ট্রেন পরিষেবাটি উপলব্ধ থাকবে না।
ট্রেন নং ২৬৪০২: এই ট্রেনের চেয়ার কার টিকিটের দাম ৮৮০ টাকা। এক্সিকিউটিভ ক্লাসের জন্য ১,৫১৫ টাকা। এটি শ্রীনগর থেকে দুপুর ২টোয় ছেড়ে বিকেল ৪.৫৮ মিনিটে কাটরায় পৌঁছাবে। বিকেল ৩.০৮ মিনিটে বানিহালে ২ মিনিটের স্টপ। মঙ্গলবার এই ট্রেন পরিষেবা উপলব্ধ থাকবে না।
৩ ঘন্টা দীর্ঘ যাত্রাপথে এখনও পর্যন্ত বন্দে ভারত শুধু বানিহালে থামবে। পরে অন্যান্য স্টপেজগুলিও নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরে ৪৬,০০০ কোটি টাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন।
একথা জানিয়ে বৃহস্পতিবার একটি টুইট করেছিলেন। লিখেছেন, “আগামীকাল ৬ জুন, জম্মু ও কাশ্মীরের আমার বোন ও ভাইদের জন্য সত্যিই একটি বিশেষ দিন। ৪৬,০০০ কোটি টাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে যা মানুষের জীবনে খুবই ইতিবাচক প্রভাব ফেলবে।”
উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (USBRL) প্রকল্পটি সমস্ত আবহাওয়ায় যোগাযোগ নিশ্চিত করতে চলেছে। মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলা বন্দেভারত আধ্যাত্মিক পর্যটনকে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।