নিজস্ব প্রতিনিধি : হিন্দুত্ব তুলে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। প্রধানমন্ত্রীকে তোপ দেগে রাহুল জানান, হিন্দু ধর্মে সবাইকে সঙ্গে নিয়ে চলার কথাই বলা আছে। প্রধানমন্ত্রী চব্বিশ ঘণ্টা হিংসার কথা বলেন। উনি আসলে হিন্দুই নন। রাহুলের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এদিন রাহুলের এই বক্তব্যকে ঘিরে উত্তাল হয় লোকসভা।
এদিন লোকসভায় রাষ্ট্রপতি ভাষণ নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে হিন্দুত্বের প্রসঙ্গে সরাসরি আক্রমণ শানালেন। এই প্রসঙ্গে এদিন লোকসভার বিরোধী দলনেতা জানান, ‘মোদিজি একদিন ভাষণ দিতে গিয়ে জানিয়েছিলেন, দেশে কারোর ওপর কোনও হামলার ঘটনা ঘটেনি। এর কারণ হল দেশ অহিংসায় বিশ্বাস করে। আমাদের মহাপুরুষরা বলে গেলেন, কাউকে ভয় দেখিও, ভয় পেও না। প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন, তখন অন্যদিকে যারা সবসময় নিজেদের হিন্দু বলে জাহির করেন, তাঁরা চব্বিশ ঘণ্টা হিংসার কথাই বলে আসছেন। হিন্দু ধর্ম সবাইকে সাথে নিয়ে চলার কথাই বলে। কিন্তু এরা তা মানে না।‘
রাহুলের বক্তব্য পেশের পরই শাসক দলের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়। চেয়ার থেকে উঠে পাল্টা প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, রাহুল গান্ধি গোটা হিংস্র বলছেন। তিনি এই ধরনের কথা বলতে পারেন না। এর পাল্টা জবাব দিতে দেখা যায় রাহুলকেও। এই প্রসঙ্গে তিনি জানান, ‘প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি পুরো হিন্দু সমাজ নন।‘ দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ যখন চলছে, তখন তাতে অংশ নিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেই। তিনি জানান, রাহুলকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। হিংসাকে কোনও ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া ঠিক হবে না।