নিজস্ব প্রতিনিধিঃ মাংস রান্না করেনি স্ত্রী । তাই রাগের বশে অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত কেটে দিলেন স্বামী। এমনই নৃশংস ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে জ্যোৎস্না সিং নামে এক গৃহবধূর সঙ্গে হয় নির্মম অত্যাচার। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । চলছে চিকিৎসা ।
জানা গিয়েছে, ৯ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন জ্যোৎস্না। সকালে তাঁর স্বামী বিকাশ একটি বক শিকার করে এনে রান্না করতে বলেছিলেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায় স্বামী । রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে দেখেন জ্যোৎস্নার তখন রান্না করছেন। আর তা দেখেই চটে যান স্বামী । রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর হাত কেটে দেন। এই ঘটনার পরেই জ্যোৎস্নার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে স্থানীয়রা । তখনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছে চিকিৎসা ।
উল্লেখ্য, এই ঘটনার খবর পেয়েই জ্যোৎস্নার বাড়িতে যায় পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বটি। সেইসঙ্গে বিকাশ ও তাঁর মা চুনি সিংকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । জোর কদমে চলছে তদন্ত । অন্যদিকে এদিনের ঘটনা নিয়ে স্থানীয় আদিবাসী সংগঠনের নেতা জানিয়েছেন, ‘আদিবাসী সমাজে পশু শিকারের রেওয়াজ আগে ছিল। কিন্তু এখন এই ঘটনা কমাতে সংগঠনের তরফ থেকে করা হচ্ছে প্রচার। ‘