নিজস্ব প্রতিনিধিঃ কুম্ভমেলা যাওয়ার পথে ফের দুর্ঘটনা । কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুণ্যার্থী। সেইসঙ্গে জখম হয়েছেন ছয় জন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । চলছে চিকিৎসা । মৃত ও আহতরা সবাই বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামের বাসিন্দা।
বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন চার চাকা গাড়িতে প্রয়াগরাজ যাচ্ছিলেন। বুধবার রাতে আসানসোল পেরিয়ে কুলটি চৌরঙ্গি মোড় ঢোকার আগেই তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। একটি লরি পিছন থেকে ধাক্কা মারে গাড়িটিকে । আর তাতেই ঘটনাস্থলেই প্রাণ হারান শান্তনু মুখোপাধ্যায় (৬৫ ) এবং শৈলেন বন্দ্যোপাধ্যায়ের (৬০)। আহত হয়েছেন শান্তনু মুখোপাধ্যায় ছেলে সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখোপাধ্যায় ৷ এছাড়াও শৈলেন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রূম্পা বন্দ্যোপাধ্যায় । তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
দুর্ঘটনা প্রসঙ্গে গাড়ি চালক জানিয়েছেন , ‘ গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি পাশ দিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারে । আর তাতেই ঘটে দুর্ঘটনা।’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন কুলটি থানার পুলিশ আধিকারিকেরা । এখন পর্যন্ত ঘাতক লরিটির চালকের খোঁজ মেলেনি । তাঁকে খুঁজতে শুরু তল্লাশি চালাচ্ছে পুলিশ।