নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। স্থানীয় তৃণমূলকর্মী আনার মোল্লাকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখানেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপও দেওয়া হয়েছে। কী কারণে এই খুন, কারাই বা এই হামলা চালিয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে আনার মোল্লা বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা গ্রামের হাজিবাগের মোড়ে কাছে গিয়েছিলেন। মৃত তৃণমূলকর্মীরা বাড়ির কিছুটা দূরেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, মোটরবাইকে চেপে আসে একদল দুষ্কৃতী। ওই তৃণমূলকর্মীকে দেখে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি চালানোর পরেই তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। এতেও স্বস্তি পায়নি দুষ্কৃতীরা। তাঁর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় বলেও অভিযোগ। এরফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওই তৃণমূলকর্মী। আচমকাই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। সঙ্গে সঙ্গে সুটিয়ে পড়েন তিনি। চায়ের দোকান থেকে সকলে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই দ্রুত বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে কেন তাঁকে এইভাবে হত্যা করা হয়েছে? প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি। পুলিশ ও পরিবারের অনুমান পুরাবো কোনো শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়ছেন তাঁরা ৩ রাউন্ড গুলির শব্দ পেয়েছিলেন। কারা এই ঘটনা ঘটাল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।