নিজস্ব প্রতিনিধি : যোগ্যদের চাকরি যাবে না। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও চিঁড়ে ভেজেনি সর্বত্র। অনেকেই মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের ওপর ভরসা করে স্কুলে গিয়েছে। অনেকেই আবার আন্দোলনে পথে হাঁটার কথা ভাবছেন। গোটা রাজ্যেই এখন ধরা পড়েছে একই ছবি।
মঙ্গলবার থেকে অনেক শিক্ষক-শিক্ষাকর্মীরা স্কুলে গেলেও অনেকেই যাননি। তাঁদের কথায়, স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান না হলে কাজে যোগ দেবেন না তাঁরা।
মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক-শিক্ষিকা প্রতিবাদে পথ অবরোধ করেন। সেখান থেকেই হুঁঙ্কার দিয়ে তাঁরা জানান, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। নিজেদের সম্মান ফেরৎ চান। সম্মান দিয়ে না ফেরালে স্কুলে যাবেন না তাঁরা। পাশাপাশি, কালেক্টরেট রোডে প্রায় আধঘণ্টা ধরে মানব বন্ধন করেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। সেই প্রতিবাদ মঞ্চ থেকে স্লোগান তোলা হয়েছে, সিভিক হতে চান না। তাঁদের স্পষ্ট বক্তব্য, নিজেদের চাকরিতেই সসম্মানে থাকতে চান।
শুধু মানব বন্ধন, পথ অবরোধই নয়, মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী চাকরিহারারা। ডিআই অফিসে আটকে পড়েছেন অন্যান্য কর্মীরা। ডিআই এদিন অফিসে ছিলেন না। জানা গিয়েছে, তালা দিয়ে অফিসের ভিতরে কাউকে ঢুকতে, কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁদের আশ্বাস দিয়েছেন, জীবন থাকতে কোনও যোগ্যের চাকরি যেতে দেবেন না। কারা অযোগ্য, তাঁদের কেন অযোগ্য বলা হচ্ছে, আদৌ তাঁরা অযোগ্য কি না, তা-ও যে রাজ্য সরকার খতিয়ে দেখবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।