নিজস্ব প্রতিনিধি: অপারেশন সিঁদুরের পর বাংলায় প্রথমবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার সভামঞ্চে তাঁকে স্বাগত জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসেছেন তিনি। প্রতিকূল আবহাওয়ার জেরে সিকিম সফর বাতিল করেছেন তিনি। নির্ধারিত সময়ের বেশ কিছু আগে বাগডোগরা থেকে সরাসরি প্রধানমন্ত্রী এসেছেন আলিপুরদুয়ারে। কিন্তু মোদির সভায় ফাঁকা চেয়ার। যা নিয়ে মাথা ব্যথায় জেলার বিজেপি নেতৃত্বের।
মোদির সফরের আগে উত্তাপ ছড়িয়েছে উত্তরের চা-বাগানে। উত্তরের চা-বলয়ে মোদির সভায় চা-শ্রমিকদের উপস্থিতি নিয়ে চিন্তা ছিল বিজেপি নেতৃত্বের। সেই চিন্তাকেই সফল করেছেন চা-শ্রমিকরা। মোদির সভায় উপস্থিত হওয়ার কথা ছিল বহু চা-শ্রমিকদের। কিন্তু আলিপুরদুয়ারের জনসভায় অনেকেই আসেননি। বর্তমানে চায়ের ভরা মরশুম চলছে। শুধু মাঠ ভরাতে তাঁরা এই কাজ ফেলে যাবেন না। তাই মোদির সভায় হাজির হননি বহু চা-শ্রমিক।
তবে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এই বিষয়ে বলেছেন, শ্রমিকরা সকলেই আসছেন। তাঁরা রাস্তায় রয়েছেন। প্রধানমন্ত্রী পৌঁছে গেলেও দেখা নেই সেই শ্রমিকদের। উত্তরের চা বলয়ের শ্রমিকরা না আসায় প্রধানমন্ত্রীর সভায় বহু আসন খালি পড়ে থআকতে দেখা গিয়েছে। বিশেষ করে সামনে এবং পিছনের একাধিক সারিতে কেউ না থাকায় চিন্তা বেড়েছে বঙ্গ বিজেপির। ফাঁকা জায়গা ভরাতে লোক ডাকতে বলা হলেও তেমনভাবে কোনও লোক আসেনি বলে জানা যাচ্ছে। পাশাপাশি চা-বাগানগুলোতে বকেয়া মজুরি, বকেয়া বেতন, পিএফ, গ্র্যাচ্যুইটির দাবি তুলে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকরা। মরশুমের সময় কাজ ফেলে তাঁরা সভায় আসতে কোনওভাবেই রাজি হয়নি। তাই চা-শ্রমিকদের তেমনভাবে দেখতে পাওয়া যায়নি এদিনের সভায়।