নিজস্ব প্রতিনিধি, খাগড়াবাড়ি : কোচবিহারে যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। বিরোধী দলনেতার গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইট, পাথর ছোঁড়ার কারণে তাঁর গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেটা করতেই শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন কোচবিহারে। বাগডোগড়া থেকে গাড়িতে করে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। খাগড়াবাড়ি চৌপথির কাছে শুভেন্দু অধিকারীর গাড়ি ঢুকতেই বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা, কালো পতাকা দেখানোর পাশাপাশি চোর স্লোগান তোলে বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। শুধু তাই নয় বিরোধী দলনেতার গাড়ির উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ তৃণমূলকর্মীদের আটকাতে হিমশিম খেয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ কোনওরকমে শুভেন্দু অধিকারীর গাড়ি সেখান থেকে বের করে নিয়ে যায়। খাগড়াবাড়ি থেকে কোচবিহারের বিজেপি জেলা কার্যালয়ে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিজেপির অভিযোগ, উদয়ন গুহের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। শুভেন্দু অধিকারীকে চোর স্লোগানের সঙ্গে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই বিষয়টি নিয়ে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি আগে থেকেই ঘোষণা করা ছিল। পুলিশ তাহলে আগে থেকে নিরাপত্তার ব্যবস্থা কেন করে রাখেনি। বিক্ষোভকারীরা কি করে শুভেন্দু অধিকারীর কনভয়ের এত কাছে পৌঁছে গেলেন সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।
বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হলেও তৃণমূল জানিয়েছে, জেলার প্রায় কুড়িটি জায়গার সঙ্গে খাগড়া বাড়িতেও শান্তিপূর্ণ অবস্থান করেছিল তৃণমূল। সেখানেই পৌঁছে যান শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের ওপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।