নিজস্ব প্রতিনিধি, নদিয়া: শান্তিপুরে ভিক্ষা করতে এসে ঝাড়ফুঁকের ছলনায় লুঠের চেষ্টা। এলাকাবাসীর হাতে ধরা পরে পীর বাবা। উত্তেজিত জনতা ওই ভিক্ষুককে মারধর করে। পরে পুলিশ এসে অভিযুক্ত কে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।চলছে জিজ্ঞাসাবাদ।পীর বাবা(Pirbaba) সেজে এক প্রতারক সোমবার শান্তিপুরের কদমপুর এলাকায় প্রবেশ করে এক মহিলার বাড়িতে। অভিযোগ, সে ঝাড়ফুঁকের মাধ্যমে ওই গৃহবধূকে অজ্ঞান করে ঘরের মূল্যবান সামগ্রী লুঠের চেষ্টা করছিল।
কিন্তু মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে এবং শুরু হয় মারধর । প্রচুর মানুষ সেখানে জড়ো হয়ে যায়। কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে পীর বাবাকে ধরে মারধরের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তি নদিয়া জেলার পলাশী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পীর বাবা সেজে প্রতারণা চালিয়ে আসছিল সে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তি নানা ছলচাতুরির মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করত। তবে এদিন কদমপুর এলাকাবাসীর তৎপরতায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পরিবারটি।শান্তিপুর থানার পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে। কোন গুজব না ছড়ানোর আবেদন করা হয়েছে। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে শান্তিপুর থানার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।