নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : বাইক চুরি ও ছিনতাই করে পালাবার সময় সিভিক ভলান্টিয়ারের হাতে পাকড়াও দুষ্কৃতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা পুরসভায়।
জানা গিয়েছে, একজন তাঁর বাইকটি রেখে কাজে গিয়েছিলেন গুসকরা সাব রেজিস্ট্রি অফিসে। সেখানে কাজ গিয়ে বাইকটি লক করেই গিয়েছিলেন। সেই সময় এক যুবক বাইকটি চুরি করে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি প্রথমে বুঝতে পারেনি। পালিয়ে যাওয়ার পথে বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়কে এক পথচারী মহিলার হাতের ব্যাগ ছিনতাইয়ের করে পালায় সে। ওই মহিলা চিৎকার করতে থাকে। সেই চিৎকার শুনতে পান কর্মরত সিভিক ভলান্টিয়ার তন্ময় পাল। তখনই তার পিছু নেয় ওই ভলেন্টিয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে ওই দুষ্কৃতীকে আটকাবার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। দ্রুত গতিতে সে চলে যায় ভেদিয়ার দিকে। এরপরেই ফিল্মি কায়দায় ওই দুষ্কৃতীকে ধাওয়া করেন সিভিক ভলান্টিয়ার তন্ময় পাল। নির্দিষ্ট এলাক পর্যন্ত একটি ৪ চাকা করে ধাওয়া করেন। আবার গোবিন্দপুর মোড় থেকে অ্যাম্বুল্যান্সে করে ধাওয়া করেন ওই দুষ্কৃতীকে। গোবিন্দপুরের আরও এক সিভিক ভলান্টিয়ার তন্ময় পালকে এই কাজে সাহায্য করে। পরে দ্রুত গতিতে যাওয়ার সময় বটগ্রাম মোড়ের কাছে বাম্পারে ধাক্কা লেগে উল্টে যায় বাইকটি।
এরপর বাইক ফেলেই পালানোর চেষ্টা করে সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গোবিন্দপুরের ওসি বিশ্বনাথ পাইন ও গুসকরা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস সহ অনান্যরা। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। সিভিক তন্ময়ের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইক উদ্ধারের পাশাপাশি মহিলার ব্যগ ও ফোনটিও উদ্ধার করা হয়েছে।