নিজস্ব প্রতিনিধিঃ সরকারি আবাসন থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। শনিবার রাতে বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন এলাকার একটি আবাসন থেকে উদ্ধার হয় দেহ। পুলিশ সূত্রে খবর, নিহত ওই ব্যক্তি হলেন বছর ৪৫-এর রবি দাস । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রবিবার এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন নিহত রবি। পাশাপাশি তিনি এক বৃদ্ধার বাড়ি দেখাশোনা কাজ করেন। তবে বাড়িমালিকের ইচ্ছেতেই ওই বাড়িটি এখন রবির নামে রয়েছে। তাই এই সম্পত্তি হাতাতেই রবিকে খুন করা হয়েছে। তবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। কারণ, তাঁর দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি চিরকুট। সেটা সুইসাইট নোট কিনা তা এখন জানা যায়নি।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। পাশাপাশি দায়ের হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। এই ঘটনা প্রসঙ্গে মৃত প্রোমোটারের স্ত্রী সোমা দাস জানিয়েছেন, স্বামীকে খুন করা হয়েছে। এ ছাড়াও তিন ব্যবসায়ীর নাম করেছেন তিনি। অন্যদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন, রবি আত্মহত্যা না খুন হয়েছে তা এখন স্পষ্ট নয়। শুরু হয়ে গিয়েছে তদন্ত।