নিজস্ব প্রতিনিধি : পানাগড়কাণ্ডে ৩ দিন পর গ্রেফতার হল সাদা গাড়ির চালক বাবলু যাদব। আসানসোলের নিঘা থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। ইতিমধ্যেই বাবলুকে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানায় নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। ধৃতকে দুর্গাপুর আদালতে হাজির করানো হবে।
এই নিয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত জানান,‘বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে দুর্গাপুর আদালতে হাজির করানো হবে। তদন্ত চলছে। বাবলু যাদবকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেই পুলিশ জানতে পেরেছিল, ওই সাদা গাড়িটি বাবলু যাদবের। গাড়ির মালিক তিনিই। ঘটনার রাতে তিনিই গাড়ি চালাচ্ছিলেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে বাবলুর গাড়ির যন্ত্রাংশের ব্যবসা রয়েছে।’
৪ দিন আগে পানাগড়ে গাড়ি উল্টে ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত জট কাটে নি রহস্যের। রাতের জাতীয় সড়কে কয়েক কিলোমিটার বেপরোয়া গতির দুই গাড়ির সংঘর্ষ। রেষারেষির কারণেই দুর্ঘটনা? নেপথ্যে কোনও প্ররোচনা? তা নিয়ে তদন্তে নেমেছে গোয়েন্দারা। দুর্ঘটনার কারণ ইভটিজিং দাবি সুতন্দ্রার পরিবারের।রাতের অন্ধকারে সাদা গাড়ির চালকের আসনে বসে থাকা বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। রহস্যের জট কিছুটা হলেও কাটতে পারে বলে মনে করছে গোয়েন্দারা। এদিকে ঘটনার পর বাবলু যাদব কেন পালিয়ে গেলেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।