নিজস্ব প্রতিনিধি, জয়পুর : সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়েই বাঁধল বিপত্তি। বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল ৪ শ্রমিকের। গ্যাসের গন্ধে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ৪ জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজস্থানের জয়পুরের সীতাপুরা শিল্পাঞ্চল এলাকায়।
জানা গিয়েছে, জয়পুরের একটি গয়না প্রস্তুতকারক সংস্থার সেপটিক ট্যাঙ্কে কাদা পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন শ্রমিক। ওই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়েই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করে। মৃতরা হলেন, সঞ্জীব পাল, হিমাংশু সিং, রোহিত পাল এবং অর্পিত যাদব। এর সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
শ্রমিকদের মধ্যে ৪ জন অজ্ঞান হয়েছিলেন। তাঁদের মধ্যে দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলে একটি বিশেষ টিম পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা এফআইআর ভিত্তিতে তদন্ত চলছে। মূল্যবান সোনা বা রুপো ধোয়ার সময় সেগুলো জলের মাধ্যমে সেপটিক ট্যাঙ্কে চলে যায়। সেগুলোকে উদ্ধার করতে শ্রমিকদের সেপটিক ট্যাঙ্কে পাঠানো হয়েছিল বলে অভিযোগ।
শ্রমিকরা প্রথমে ট্যাঙ্কের ভিতরে যেতে আপত্তি জানালেও পরে রাজি হন। অভিযোগ, কোনওরকম সুরক্ষা ছাড়াই তাঁদের পাঠানো হয়েছিল। প্রথমে ট্যাঙ্কে ঢুকে কয়েকজন চিৎকার করতে থাকলে তাঁদের বাঁচাতে আরও ৬ জন শ্রমিক নেমে পড়েন। কিন্তু সবাই অজ্ঞান হয়ে যায়। তড়িঘড়ি তাঁদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৪জনকে মৃত ঘোষণা করেন। ২জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২ জনকে ছেড়ে দেওয়া হয়। রাজস্থান মানবাধিকার কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনায় সরকারের নিস্ক্রিয়তার দিকে আঙুল তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশওক গেহলট। ইতিমধ্যে ৪ শর্মিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হবে।