নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা : ভিন রাজ্য থেকে বাংলায় অস্ত্র আনার পরিকল্পনা বানচাল করল এসটিএফ। মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করল বেঙ্গল এসটিএফ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স -এর একটি দল অভিযান চালায় মুর্শিদাবাদের ফরাক্কায়। নেতাজি সেতু এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে এসটিএফ। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে বিহার এবং বাংলার চারজনকে। সূত্রের খবর, ধৃতরা মুকেশ মিশ্র এবং শ্যামজিৎ কুমার ঠাকুর। এই দুজনের বাড়ি বিহারে। বাকি দুজন নইমুদ্দিন শেখ এবং সানাউল শেখ। এরা মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের অভিযোগ, বিহার থেকে বাংলায় বিপুল পরিমাণ অস্ত্র পাচার করছিল তারা।
এসটিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের থেকে ৯টি পাইপগান, বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে। একটি মালবাহী গাড়িতে করে এই অস্ত্রগুলো নিয়ে আসা হচ্ছিল। সেই গাড়িটিকেও আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই মালগাড়িটির বিহারের রেজিস্ট্রেশন রয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হবে।