নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বর্তমানে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে উত্তপ্ত গোটা দেশ। কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পরই এই সমস্যা তৈরি হয়। ঠিক এই উত্তেজিত আবহের মাঝেই বীরভূম থেকে ২ জন জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম আজমল হোসেন ও অপর জন সাহেব আলি খান।
সূত্রের খবর, অভিযুক্ত আজমলের বয়স আঠাশ। সে নলহাটির চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। আর অপর যাকে গ্রেফতার করা হয়েছে তার বয়সও আঠাশ। পাইকর থানার রুদ্রনগর গ্রামে বাসিন্দা সাহেব।
জানা গিয়েছে, অভিযুক্ত সাহেব আলি খান পেশায় একজন দর্জি। আর আজমল হোসেন পেশায় একজন হাতুড়ে ডাক্তার।
বৃহস্পতিবার গভীর রাতে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করছে কলকাতা থেকে আসা এসটিএফের একটি দল। এই অভিযানে সঙ্গে ছিলেন বীরভূম পুলিশও। তবে আপাতত গ্রেফতারির ঘটনা জানা গিয়েছে। কিন্তু কেন এই গ্রেফতার করা হয়েছে তা এখনও পরিষ্কার করে জানা যায়নি। এই বিষয় কোনও কথা বলেনি বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকেরা।
অভিযুক্ত আজমল হোসেনের ঘর থেকে বেঙ্গল এসটিএফ আধিকারিকরা কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই, একটি ল্যাপটপ, একটি মোবাইল আর বেশ কিছু জিনিস। অভিযুক্ত ২ জনকে শুক্রবার রামপুরহাট আদালতে তোলা হয় বলে খবর। আজমল হোসেনের বাবা জার্জেশ মণ্ডল জানিয়েছেন, “আমার ছেলের কাছে মাঝে মাঝে আসত সাহেব। সে-ই বই দিয়ে যেত।” তাঁর আজমল ছেলে কোনও অপরাধ বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, “আমার ছেলে কখনই বাংলাদেশে যায়নি। খুবই ভাল ছেলে। কোনও নেশাও করে না।”