নিজস্ব প্রতিনিধি, কালনা: বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পূর্ব বর্ধমানের কালনার বৌদ্ধ মঠে গৌতম বুদ্ধকে শ্রদ্ধাজ্ঞাপন মন্ত্রী স্বপন দেবনাথের। সোমবার বৌদ্ধমঠে পৌঁছে যান মন্ত্রী। সেখানে গিয়ে ফুল, মিষ্টি, ফল দিয়ে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানান। মোমবাতি জ্বালিয়ে শান্তির বার্তাও দিয়েছেন তিনি।
ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী পালন হয় বুদ্ধ পূর্ণিমায়। বুদ্ধ একজন আধ্যাত্মিক শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর শিক্ষাতেই বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি এই পৃথিবীতে সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণা করতে শিখিয়েছিলেন। বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। এদিন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বৌদ্ধমঠে হাজির হন। তাঁরা সকলেই দিনটি উদযাপন করেন।
বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধম শরণম গচ্ছামি মন্ত্রকে পাথেয় করে পূর্ব বর্ধমানের কালনার আমলাপুকুরের বৌদ্ধমঠে বুদ্ধ জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বহু বিশিষ্টজন। কালনায় বহু বৌদ্ধ পরিবার রয়েছে। কালনার আমলাপুকুরের বৌদ্ধমঠে এদিন সকাল থেকে ভিড় জমান বহু সাধারণ মানুষ।