নিজস্ব প্রতিনিধি: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহারে(Coachbehar) জয়ী হয়েছে তৃণমূল(TMC)। সেই জয় কিন্তু রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ। কেননা তৃণমূল সেখানে জিতেছে কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়ে। সেই জয়ের পরে কোচবিহারের মানুষকে ধন্যবাদ জানাতে ও মদনমোহন মন্দিরে(Madanmohan Mandir) পুজো দিতে সোমবার রাতেই কোচবিহার শহরে পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোম সন্ধ্যায় কোচবিহারে পৌঁছে মমতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, ‘আমি রাজনৈতিক কারণে কোচবিহারে আসিনি। উত্তরবঙ্গে একটাই আসন পেয়েছি আমরা। সারা বাংলার মা মাটি মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য, মা মাটি মানুষের নামে পুজো দিতে এসেছি। আর একটা ছোট মিটিং আছে। আর কোনও উদ্দেশ্য নেই। সেসব সেরে আমি শিলিগুড়ি ফিরব। কোচবিহারের আরও ভালো হোক, আপনারা সবাই ভালো থাকুন।’ এদিন সেই মমতাকেই দেখা গেল কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দিরে পুজো দিতে।
গোটা কোচবিহার জুড়েই মদনমোহন মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। কোচবিহার রাজবাড়ির এই কূলদেবতা বেশ জাগ্রত হিসাবেই বিবেচিত হন। একইসঙ্গে কোনও শুভ কাজ শুরুর আগে এই মন্দিরে পুজো দেওয়ার রীতিও রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সেখানে পুজো দিয়ে অঞ্জলিও দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেই সেখানে ছিলেন সদ্য লোকসভা নির্বাচনে জয়ী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখরা। এদিন মদনমোহন মন্দিরে আসার আগে কোচবিহারের সার্কিট হাউসে দলের জেলা নেতৃত্বের সঙ্গে একটি ছোট বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যেহেতু সিতায়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এখন সাংসদ হয়ে গিয়েছেন ও তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, তাই সিতাইয়ে খুব শীঘ্রই উপনির্বাচন হতে চলেছে। সূত্রের খবর, এদিন সার্কিট হাউসে সেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী নেতা অনন্ত মহারাজের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেই জানা গিয়েছে।