নিজস্ব প্রতিনিধিঃ দুই বন্ধু মিলে বন্দুক নিয়ে রিলস বানাচ্ছিল। আর তখনই আচমকাই পিস্তল থেকে বেরিয়ে যায় গুলি। আর তাতেই মৃত্যু হয়েছে মালদহের অষ্টম শ্রেণির ছাত্র শামিউল ইসলাম। তদন্তে উঠে আসে এমনই এক তথ্য। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহত নাবালকের সেই বন্ধুকে। ধৃত হলেন অষ্টম শ্রেণির পড়ুয়া সাফি আলি।
বৃহস্পতিবার মালদহের কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকা থেকে উদ্ধার হয়েছিল ছাত্র শামিউল ইসলামের দেহ। আর তাঁর পাশে পড়েছিল বন্দুকের গুলি। স্থানীয়রাই ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে। এই ঘটনার পর নিহতের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই তদন্তে নামে পুলিশ। আর তখনই সামনে এল পুরো ঘটনা।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বাড়ির ছাদে রিলস বানাচ্ছিল শামিউল এবং সাফি। আর তখনই সাফির হাতে থাকা পিস্তল থেকে আচমকাই বেরিয়ে যায় গুলি। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শামিউল। ইতিমধ্যেই পুলিশ সাফিকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে পুরো ঘটনা। বলা বাহুল্য, রিলের নেশায় দুর্ঘটনার কবলে পড়েছে, এমন ঘটনা এই প্রথম নয়। কিন্তু একজন অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র দেখে তাজ্জব সকলে। কীভাবে এই আগ্নেয়াস্ত্র এল কিশোরের হাতে, সেনিয়ে প্রশ্ন তুলছেন সকলে।