নিজস্ব প্রতিনিধিঃ ডিসেম্বরে আরও নামবে পারদ। পাহাড়ে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বড়দিনের আগেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, সান্দাকফু-সহ উঁচু পার্বত্য এলাকাগুলিতে। নেই বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে চলতি মাসে দক্ষিণবঙ্গতেও নামবে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, চলতি সপ্তাহে শনিবার থেকে সোমবার পর্যন্ত সিকিম-সহ পার্বত্য এলাকায় রয়েছে হালকা তুষারপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে ওই সময় পশ্চিমী ঝঞ্জার জন্য বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে সপ্তাহান্তে উত্তুরে হাওয়ায় নামবে পারদ। তাপমাত্রা নামবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে সেলসিয়াসের মধ্যেই থাকবে । উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কারণ, শীতের পথে আগামী সপ্তাহে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এই ঝঞ্ঝা কাটলেই বাংলা জুড়ে পড়বে জাঁকিয়ে ঠাণ্ডা ।