নিজস্ব প্রতিনিধি : অবশেষে অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও মিলতে চলেছে স্বস্তি। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে কলকাতা সহ আশেপাশের এলাকায়। খুব জোরে বৃষ্টি না হলেও নেমেছে বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গল ও বুধবার আরও কয়েকটি জেলায় শুরু হবে ভারী বৃষ্টিপাত। রবিবার থেকে শুরু হয়েছে বর্ষণ।
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও রবিবার এবং বুধ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার থএকে মালদহ ও ২ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বর্ষা প্রবেশ নিয়ে জানানো হয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল অবস্থার সৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিন পাঁচেকের মধ্যে দেশের আরও কিছু অংশের সঙ্গে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করবে। ফলে গরম থেকে এবার কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে।
এই বছর নির্দিষ্ট সময়ে আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু সেখানেই মৌসুমী বায়ু থমকে যাওয়ায় দক্ষিণবঙ্গে বর্ষা আসছিল না। এবার সেই সমস্যা কাটিয়ে দক্ষিণবঙ্গেও বর্ষা আসতে চলেছে। তবে নির্দিষ্ট সময় চলে গিয়েছে। গত বছরের মত এই বছরও দেরি করেই দক্ষিণবঙ্গে বর্ষা আসছে।