নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে।
বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবারের মত বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গে শুক্রবারও জারি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এ দিন বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি রয়েছে, বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা শুনিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকেই কলকাতায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। সকাল থেকেই ধীরে ধীরে বৃষ্টি হয়েই চলেছে। বুধবার সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। শুক্রবার শনিবার এবং রবিবারও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা শোনা গিয়েছে। তবে বৃষ্টিপাত হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় রয়েছে অস্বস্তিকর গরম। তাপমাত্রার খুব বেশি তারতম্য হয়নি। অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী।