নিজস্ব প্রতিনিধি : বাংলা ভাষার অপমান কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে এইভবেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষার ওপর অত্যাচারের প্রতিবাদ দেখতে পাওয়া যাবে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোতে। শহর কলকাতার দুটি প্রাচীন দুর্গাপূজা কমিটি জানিয়েছে, এবার তাদের থিম হবে বাংলা ভাষা।
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। হরিয়ানা, রাজস্থান, ওড়িশা থেকে শুরু করে দেশের বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও তাদের আটকে রেখে হেনস্তা করা হচ্ছে, কোথাও কোথাও আবার তাদের বৈধ-নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। হাতে মাত্র আর মাস কয়েক। এই দুর্গাপুজোতেও দেখা যাবে প্রতিবাদের ভাষা। বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ভাষা। জানা গিয়েছে, কলকাতা শহরের সবচেয়ে প্রাচীন পুজো গুলোর মধ্যে অন্যতম পাথুরিয়াঘাটার ৫-র পল্লি, চালতাবাগান সর্বজনীন। এই দুই পুজো কমিটির এবারের মূল ভাবনা বাংলা ভাষা।
সূত্রের খবর, পাথুরিয়াঘাটা ৫-র পল্লির উদ্যোক্তারা জানিয়েছেন, এবার তাদের থিম-” হরফ”। কিভাবে গত কয়েকশো বছর ধরে বাংলা হরফের বিবর্তন ঘটেছে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হবে পুজোমণ্ডপে। চালতাবাগান সর্বজনীনও জানিয়েছে, বাংলা ভাষাকে আক্রমণ করার প্রতিবাদে তাদের থিম, “আমি বাংলায় বলছি “। এবারের দুর্গাপুজো হতে চলেছে বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম অংশ। দুটি পুজো কমিটি জানিয়েছে, বাংলা ভাষার ওপর কোনরকম অত্যাচার মেনে নেওয়া হবে না। বাংলা ভাষা সংস্কৃতির কোন সম্মানহানি সহ্য করা হবে না।