নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে শীত। রাজ্য জুড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। সকাল হতেই ঘন কুয়াশার চাদরে ঢাকছে গোটা বঙ্গ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তুরে হাওয়া। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। নামছে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন জেলায় জেলায় চাপমাত্রা কমবে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি। সর্বনিন্ম তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ। তাই নামিয়ে ফেলতে হবে সোয়েটার-চাদর । শুক্রবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।
তবে শনি- রবিবার নামবে তাপমাত্রার পারদ। সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর । ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। তাতে দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। তবে বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে । দিনভর পরিষ্কার থাকবে আকাশ। বলা বাহুল্য, বর্তমানে রাজ্য জুড়ে আর নেই বৃষ্টির সম্ভাবনা। তাই দ্রুত জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদরা।