নিজস্ব প্রতিনিধিঃ বিকল হয়ে পড়েছে কাঁকুড়গাছির পয়েন্ট । এরজেরেই দমদম থেকে শিয়ালদহ পর্যন্ত একের পর এক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর তাতেই বিপাকে পড়েছেন যাত্রীরা । বুধবার দুপুরে এই ঘটনায় শিয়ালদহে ঢুকতে পাচ্ছে না একের পর এক ট্রেন। রেল কর্তৃপক্ষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ব্যস্তদিনে এই ঘটনায় চিন্তায় নিত্যযাত্রীরা।
এদিনের ঘটনা প্রসঙ্গে যাত্রীরা জানিয়েছেন, দমদম আউটারে পর থেকেই একের পর লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়েছে । দমদম- শিয়ালদহের মধ্যে পর পর ডানকুনি, দত্তপুকুর লোকাল দাঁড়িয়ে। তাই ট্রেন থেকে নেমে যাত্রীরা হাঁটতে শুরু করে দিয়েছে ।অনেকে আবার দমদম থেকে বাস ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।
এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন , ‘কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হয়েছে। ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা খুঁজে বের করতে কিছুটা সময় লাগছে। তাতে মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। তবে তিন নম্বর লাইন সচল রয়েছে। আশা করছি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে ।’ বলা বাহুল্য, গত শনি এবং রবিবার এই লাইনে কাঁকুড়গাছিতে নন-ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। আর সেখানেই হল সিগন্যালের গোলযোগ । এর ফলে বিপাকে পড়েছেন নিত্য যাত্রীরা ।