নিজস্ব প্রতিনিধিঃ পর পর পশ্চিমি ঝঞ্জার জেরে মাঘে উধাও শীত। তাপমাত্রা কমার বদলে দিনদিন বাড়ছে পারদ। আগামী তিনদিন পারদ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর । আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানা গেছে।
তবে সপ্তাহান্তে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার তাপমাত্রা কমতে পারে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি । হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হবে। সেই সঙ্গে জেলায় জেলায় বাড়বে কুয়াশার দাপট । ইতিমধ্যেই বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে শীত অধরা থাকলেও উত্তরবঙ্গের ছবিটা কিছুটা হলেও আলাদা। উত্তরের কিছু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব বাতাসের সঙ্গে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির পূর্বাভাস । সেইসঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দাপট বেশি থাকবে উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে।